মনু নদ খনন ও শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০

মনু নদ খনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও মৌলভীবাজার শহর রক্ষা বাঁধ সংস্কারের দাবিতে মনু নদীর চরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এ সময় প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বাপা’র মৌলভীবাজার শাখার সভাপতি আ.স.ম সালেহ সোহেলের সভাপতিত্বে ও কয়ছর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন— পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ ফিরোজ, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক সালেহ এলাহি কুটি, বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, সাবেক চেম্বারের সভাপতি ডা. আব্দুল আহাদ, খালেদ চৌধুরী, আলিম উদ্দিন হালিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মনু নদী কুশিয়ারার মুখ থেকে এবং মনু ব্যারেজ পর্যন্ত ২৩ কিলোমিটার খনন হওয়ার কথা। কিন্তু যে দুটি প্রতিষ্ঠান এই খননের জন্য কাজ পেয়েছে তারা ঠিক সময়ে কাজ শুরু না করায় এবং শেষ করতে না পারায় আমাদেরকে নদীর ভেতরে চরের মধ্যে মানববন্ধন করতে হচ্ছে। এই কাজের জন্য আরো তিন মাস বর্ধিত করা হয়েছে। মৌলভীবাজারবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে হলে এই তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজ সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, মনুর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়াধীন বিআইডব্লিউটিএ’র ২৬ কোটি ৫৬ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে।