তারুণ্যে ভরা টি-টোয়েন্টি দলটা পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি। টেস্টেও সফরকারীদের দাপট রুখে দিতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে দুই ফরম্যাটেই পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ততা নিয়ে গত বুধবার মাঝ রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়েছেন ক্রিকেটাররা। শুক্রবার (১০ ডিসেম্বর) ভোরে অকল্যান্ডে পৌঁছেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।
গতকাল বৃহস্পতিবার বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, ঢাকা থেকে দুবাই হয়ে অকল্যান্ড গেছে বাংলাদেশ দল। শুক্রবার ভোর পৌনে ৫টায় নিউজিল্যান্ডে নামবেন মুমিনুলরা। তখন স্থানীয় সময় হবে ১০ ডিসেম্বর বেলা পৌনে ১২টা।
অকল্যান্ডে নেমেই বাধ্যতামূলক চারদিনের রুম কোয়ারেন্টিনে থাকবে পুরো দল। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে কোয়ারেন্টিন সেন্টারে থেকেই চলবে অনুশীলন। তারপর সিরিজের মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশনে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুলরা। যেখানে প্রথমটি নিজেদের মধ্যে এবং দ্বিতীয়টি স্থানীয় একাদশের বিরুদ্ধে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মাউন্ট মঙ্গানুইয়ে আগামী ১ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি।
সাকিব আল হাসানের বদলি হয়ে নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ডাক পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। জাতীয় ক্রিকেট লিগে ৬০৬ রান করা এ বাঁহাতি ব্যাটার প্রথমবার টেস্ট দলে সুযোগ পেলেন।
এই সফর দিয়েই বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে রঙ্গনা হেরাথের নতুন যাত্রা শুরু হবে। দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ লঙ্কান কিংবদন্তী।
