গত ১২ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘ইউক্যালিপটাসের থাবায় বিপন্ন প্রকৃতি-পরিবেশ’ শীর্ষক প্রতিবেদনটির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা অবাক হয়েছি এটা জেনে যে, সরকার এই গাছ নিষিদ্ধ করলেও রোপণ থেমে নেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় বেশ কিছু উদ্যান রয়েছে। এসব উদ্যানে ইউক্যালিপটাস গাছ আছে কি না তা আমাদের জানা নেই। কিন্তু নগর ভবনের ঠিক উলটো দিকে করপোরেশনের আওতাভুক্ত একটি উদ্যান আছে। নাম ওসমানী উদ্যান। ওসমানী উদ্যানের উত্তর দিকে ওসমানী মিলনায়তনের সীমানা সংলগ্ন এক সারিতে ৩৫টি দৈত্যাকৃতির ইউক্যালিপটাস গাছ দাঁড়িয়ে আছে। এসব আগ্রাসী গাছ শুধু উদ্যানের পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, অন্যান্য দেশি গাছের অস্তিত্বের জন্যও হুমকিস্বরূপ। প্রসঙ্গত উলেখ্য যে, রমনা পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ইউক্যালিপটাস গাছ নেই। বর্তমানে ওসমানী উদ্যানের সংস্কার কাজ চলছে। এই সংস্কার কাজের জরুরি অংশ হিসেবে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছসমূহ ধ্বংস করার জন্য ডিএসসিসি-র দৃষ্টি আকর্ষণ করছি।
হাজী মো. আলী বশির
মো. নাসির
৮৮/৮৯ আগাসাদেক রোড, বংশাল, ঢাকা
