কাশিয়ানীতে আওয়ামী লীগের ১০ নেতা বহিষ্কার 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫:২১

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করার অপরাধে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদুল খন্দকার বহিষ্কারের এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মুন্সী ফররুখ হোসাইন মিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তৈয়াবুর রহমান মুন্সী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল বাসার মোল্যা, ও মো. আকরামুজ্জামান মোল্যা, ২নং পারুলিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান তুহিন, সদস্য শফিকুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান, সদস্য সাধন কুমার খাঁ, ৩নং মামুদপুর ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মনু মোল্যা, মামুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অংশু প্রতি মিস্ত্রী। 

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সহিদুল খন্দকারের কাছে  জানতে চাইলে তিনি বলেন, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করার জন্য দল তাদের বহিষ্কার করেছে।

ইত্তেফাক/ ইআ