জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩:৫৭

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে এক গৃহবধূকে (৩২) গণ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। জয়পুরহাট সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হল, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের শফিকুলের ছেলে আসলাম (২০), রমজান আলীর ছেলে মো. রাব্বি (১৯) ও বেলাল হোসেনের ছেলে মো. রায়হান (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জয়পুরহাট সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের কয়েকজন যুবক তাদের পার্শ্ববর্তী এক বাড়িতে প্রবেশ করে এক গৃহবধুকে (৩২) কে গণধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায়  শনিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করে। মামলার পরেই পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার  করেছে । 

জয়পুরহাট সদর থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পরেই আসামীদের গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানান ওসি। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে, জেলা আধুনিক হাসপাতালে  ধর্ষণের শিকার গৃহবধূর শারীরিক পরীক্ষা নিরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।

ইত্তেফাক/ ইআ