তারাকান্দার বানিহালা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বাধা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২১:৪১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বিদ্রোহী প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত আছমত দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হন। ইতোমধ্যে দল থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন।

এদিকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক ব্যাংক কর্মকর্তা খন্দকার আলতাফ হোসেন আকন্দ।

প্রতীক বরাদ্দের পর থেকে বিদ্রোহী প্রার্থী নির্বাচনী এলাকায় গণসংযোগ করতে নানা বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

বিদ্রোহী প্রার্থীর অভিযোগ- তার প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, উঠান বৈঠক করতে বাধা, মিছিল-মিটিংয়ে বাধার সম্মুখীন হচ্ছেন, এলাকায় নির্বাচনী অফিস নিতে পারছেন না ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। মাঝিয়ালি বাজারে তাঁর নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে সেলফোন তাকে ধরিয়ে দিলে তিনি বলেন, কে বা কারা এসব করছে আমরা জানি না। বিদ্রোহী প্রার্থী আছমত চাচা দল থেকে মনোনয়ন না পাওয়ায় দোষ আমাদের ওপর চাপাচ্ছেন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনি দল থেকে বহিষ্কারও হয়েছেন।

 

ইত্তেফাক/এমএএম