সকালের সূর্য সবসময় দিনের পূর্বাভাস দেয় না। বিসিএলে প্রথম রাউন্ডের ম্যাচে সেই প্রবাদটাই যেন সত্যি হয়ে গেলো ইস্ট জোনের বেলায়। মোহম্মদ আশরাফুল ও ইমরুলের কায়েসের জুটি রাজশাহীতে রান পাহাড়েরই ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ১০১ রানের জুটিটি ভাঙলেই স্পটলাইট কেড়ে নেন সাউথ জোনের দুই স্পিনার মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
ঘূর্ণির ছোয়ায় দুইজন সমানভাবে ৫ উইকেট নিয়ে ২৬৯ রানেই গুটিয়ে দেন ইস্ট জোনকে। ইমরুল ৪৬ ও আশরাফুল ৬১ রানে আউট হন। জবাব দিতে নেমে বিনা উইকেটে তিন রান নিয়ে দিন শেষ করেন সাউথের এনামুল হক ও পিনাক ঘোষ।
অপর ম্যাচে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও ছিল বোলারদের দিন। রবিউল (৩), শুভাগত হোমদের (২) বোলিং দাপটে মাত্র ২১৯ রানেই অলআউট হয়ে যায় নর্থ জোন। কোনো ব্যাটারই পায়নি ফিফটির ছোয়া। সর্বোচ্চ ৪৬ রান এসেছে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। জবাব দিতে নেমে বিনা উইকেটে ৬১ রান তুলে সেন্ট্রাল জোন।
