কসাইকে কোপানোর মামলায় গ্রেফতার ১

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩:৫৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কসাইকে কুপিয়ে আহত করার মামলায় ফজলু মিয়াকে (৬৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার মূল আসামি উপজেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক ও কলেজ শিক্ষক হযরত আলী (৪৪) পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম। 

গ্রেফতার ফজলু মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর চওড়াটারী গ্রামের মৃত মবেজ উদ্দিনের ছেলে এবং মূল আসামি হযরত আলীর বাবা। 

মামলার বিবরণে জানা যায়, শনিবার (১১ ডিসেম্বর) দিনে দুপুরে উপজেলার সাপ্টিবাড়ী বাজারে গরুর মাংস কেনার সময় মাংসে একটু চর্বি বেশী দেওয়ায় কসাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন হযরত আলী। এর এক পর্যায়ে কসাই শহিদুল ইসলামকে (৩৫) তারই দোকানের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন এই আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় শনিবার রাতে কসাই শহিদুলের বড় ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে হযরত আলী ও তার বাবা ফজলু মিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মোক্তারুল ইসলাম জানান, রবিবার (১২ ডিসেম্বর) রাতে থানা পুলিশ কসাইকে কোপানো মামলায় আ'লীগ নেতা হযরত আলী পিতা ফজলু মিয়াকে (৬৫) নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার মূল আসামি পলাতক থাকায় গ্রেফতার করতে পারেননি পুলিশ। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ইত্তেফাক/ ইআ