স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাঙালির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছেন ষাটোর্ধ পিরোজপুরের কাউখালীর তথ্য কেন্দ্র ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু।
তিনি কাউখালীর মানুষের কাছে তথ্য ব্যাংক হিসেবে পরিচিত। মহান বিজয়ের মাসে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পৌঁছে দিচ্ছে নতুন প্রজন্মের হাতে। কাউখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করছেন তিনি।
সোমবার (১৩ ডিসেম্বর) কাউখালী সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনারের পাদদেশে মুক্তিযুদ্ধের বই তুলে দেন নতুন প্রজন্মের হাতে। পরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা।
কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার জানান, বাঙালির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আব্দুল লতিফ খসরু যে কাজ করছেন তাতে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা জানান, আব্দুল লতিফ খসরুর এই মহতি উদ্যোগ প্রশংসার দাবিদার। এমন মহতি কাজ করার মানুষ আমাদের সমাজে খুব একটা দেখা যায় না।
আব্দুল লতিফ খসরু জানান, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ইতিহাসের বই ফেরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া শুরু করেছি। বিদ্যালয় ও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে মুক্তিযুদ্ধের বই দিয়ে আসছি।

এ মাসেই বুস্টার ডোজ শুরু: স্বাস্থ্যমন্ত্রী