সিরিয়া থেকে আইএসের দ্রুত অপসারণ চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে, সিরিয়ার যুদ্ধক্ষেত্রে যে সব আইএস রয়েছে তারা অবিলম্বে সেখানে থেকে ফিরে আসুক। সিরিয়ার ভবিষ্যতের কথা বিবেচনা করেই এটি চায় বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।  এদিকে যুক্তরাষ্ট্রে ফিরতে চাওয়া এক মার্কিন নারী জিহাদিকে দেশে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছেন তারা। খবর এএফপি ও ডেইলি মেইলের

যুক্তরাষ্ট্র সিরিয়ার ইসলামিক স্টেটের পক্ষে যুদ্ধরত নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তবে একজন মার্কিন জিহাদিকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি জটিল বলেও স্বীকার করেছে দেশটি। ২৪ বছর বয়সী হোদা মুতানা নামের এক তরুণী আলবামা থেকে সিরিয়া গেছেন। তিনি চরমপন্থীদের মধ্যে অনলাইনে জনপ্রিয় হয়ে ওঠেন। সোমবার গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাত্কারে তিনি বলেন, অনলাইনে তাকে ‘মগজধোলাই’ করা হয়। আইএসে যোগদানের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। মুতানার মামলাটি নিয়ে বিশেষভাবে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র রবার্ট প্যালাডিনো বলেন, সিরিয়ায় আটক মার্কিন নাগরিকের অবস্থানটি অত্যন্ত জটিল। তিনি সাংবাদিকদের বলেন, আমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে বোঝার চেষ্টা করছি।

পালাডিনো বলেন, যুক্তরাষ্ট্র আইএসের মার্কিন যোদ্ধাদের সাথে অন্যান্য দেশের যোদ্ধাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছে না। তিনি বলেন, ‘এই সব যোদ্ধা বৈশ্বিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ মুতানার আইনজীবী হাসান শিবলী মার্কিন কর্মকর্তারা মুতানার সাথে এখনো দেখা না করায় হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এটা বাস্তবিকই একটা সমস্যা যে যেখানে নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ান ও এবিসি নিউজ তার সাথে দেখা করে তার সাক্ষাত্কার গ্রহণ করেছে, সেখানে সরকার এখনো সেটা করতে পারেনি।’