চাঁদপুরে উচ্ছেদ অভিযান অব্যাহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডাকাতিয়া নদীর পাড়ে অবৈধ স্থাপনা এবং পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন মহল্লা ও মূল সড়কগুলোতে অবৈধভাবে বিভিন্ন ভবন, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক উচ্ছেদ পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এসব অভিযান পরিচালনা করছেন। গত ৫ দিনে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভাঙচুর করা হয়েছে। চাঁদপুর শহরের কুমিল্লা রোড, পালপাড়া রোড, পুরানবাজার, বিআইডাব্লিউটিএ প্রাঙ্গণ, নতুনবাজার, ট্রাক রোড, ইচলীঘাট ইত্যাদি স্থানে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় স্থানীয় পুলিশ, নৌ-পুলিশ, কোস্ট গার্ড সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র নাছিরউদ্দিন আহমেদ জানিয়েছেন, যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন তাদের অনেককেই আমরা ইতোপূর্বে তারিখ উল্লেখ করে নোটিস দিয়েছি, তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে না নিলে আমরাই ভেঙে দিবো।  জেলা প্রশাসন থেকে জানান হয়েছে যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।