একা করুন বা একসঙ্গে, শরীরচর্চায় সুফল মিলবে সব ক্ষেত্রেই। কিন্তু অনেকে মিলে শরীরচর্চা করলে মিলতে পারে বাড়তি সুবিধা। সম্প্রতি আমেরিকার একটি গবেষণায় মিলেছে এমনই তথ্য।
গবেষণা অংশ নেওয়া ৬৯জন অংশগ্রহনকারীকে প্রথমে তিনটি দলে ভাগ করেন গবেষকরা। প্রথম ভাগকে দলবদ্ধ ভাবে এবং দ্বিতীয় ভাগকে একক ভাবে শরীরচর্চা করতে বলা হয়। তৃতীয় ভাগের সবাইকে বলা হয় শরীরচর্চার বদলে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম বজায় রাখতে। প্রায় ১২ সপ্তাহ অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করেন গবেষকরা।
গবেষণার শেষে পাওয়া তথ্য অনুসারে শারীরিক ও মানসিক দিক থেকে তৃতীয় ভাগের থেকে অনেক বেশি সুস্থ ছিলেন প্রথম দুই ভাগের অংশগ্রহণকারীরা। তবে দ্বিতীয় ভাগের থেকেও বেশি সুফল পান প্রথম ভাগের ব্যক্তিরা। যারা দলবদ্ধ ভাবে শরীরচর্চা করেছেন, তাদের মধ্যে ক্লান্তি, অবসাদ, শারীরিক দুর্বলতা—সবই ছিল তুলনামূলক কম।
গবেষকদের মতে একসঙ্গে শরীরচর্চা করেছেন যারা, তাদের শরীরে সুখানুভূতির হরমোন বা এন্ডরফিনের ক্ষরণ হয়েছে বেশি। ফলে বেড়েছে সহ্যশক্তি, কমেছে মানসিক চাপ। দলগত ক্রীড়াতেও কার্যত একই ঘটনা ঘটে বলে ধারণা গবেষকদের।
কেউ কেউ আবার এই গবেষণার ফলকে জিনের বিবর্তনের সঙ্গে এক করে দেখতে চান। তাদের মতে যে সামাজিক চাহিদায় দল বেঁধেছিল আদিম মানুষ, তার প্রভাব রয়েছে জিনের পরিব্যক্তির উপর। তাই দলবদ্ধ ভাবে করা যে কোনো অনুশীলনেই মিলতে পারে অনুরূপ ফল।
