কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
কাশিয়ানীতে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার ৬টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে। এসব কোচিং সেন্টার থেকে অন্তত ১শ’ জোড়া বেঞ্চ জব্দ করা হয়। পরে উপজেলা কমপ্লেক্সে এনে এসব বেঞ্চ অগ্নিসংযোগে ধ্বংস করা হয়। এ ছাড়া কোচিং সেন্টারের মালিক কাশিয়ানী উপজেলার মাজড়া এমইউ সিনিয়র মাদ্রাসার শিক্ষক রানা হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করে ওই আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মাঈনুদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মাঈনুদ্দিন জানান, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান, মোরাদ হোসেন, মাজড়া এম.ইউ সিনিয়র মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম ও রানা হাসান দীর্ঘদিন ধরে উপজেলা সদরে কোচিং ব্যবসা করে আসছিল। বার বার তাদের নিষেধ করার পরও তারা কোচিং বন্ধ করেনি। মঙ্গলবার কোচিং সেন্টারগুলোতে অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া এদিন কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২টি কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়। অন্যদিকে কোচিং সেন্টারের মালিক রানা হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
