আফ্রিকা মহাদেশে খরা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে কেনিয়ার পরিবেশ এতই শুষ্ক হয়ে পড়েছে যে শত শত পশুর মৃত্যু ঘটছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সেপ্টেম্বর থেকে স্বাভাবিক বৃষ্টিপাতের এক তৃতীয়াংশেরও কম পানি পাওয়ার ফলে এই অঞ্চলে দীর্ঘায়িত খরায় খাদ্য ও পানির ঘাটতি সৃষ্টি হয়েছে। জলাধারের পানির দূষণ এড়াতে জিরাফগুলোকে প্রথমে উত্তর-পূর্ব কেনিয়ার সাবুলিতে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু সম্প্রতি ওয়াজিরের সাবুলি ওয়াইল্ড লাইফ কনজারভেন্সিতে ছয়টি জিরাফের মৃত্যু হয়েছে।
খাদ্য আর পানির অভাবে দুর্বল ছয়টি জিরাফ পানির সন্ধানে হন্যে হয়ে ঘুরছিল। একটি শুকিয়ে যেতে থাকা জলাশয় থেকে পানিপানের চেষ্টা করার সময় জিরাফগুলো কাদায় আটকে মারা যায়। দূষণ এড়াতে জিরাফগুলোর দেহ দ্রুত স্থানান্তরিত করা হয়।
কেনিয়ার সংবাদপত্র দ্য স্টার-এর মতে, গারিসা প্রদেশের আশেপাশে ৪০০০ জিরাফ তীব্র খরার কারণে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কেনিয়ায় খরা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা বেড়ে চলেছে। কৃষকরা তাদের গবাদিপশুর ৭০ শতাংশ ক্ষতির কথা বলছেন। এদিকে একের পর এক পশুর মৃত্যুতে দূষণও বাড়ছে।

