চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে এক শিক্ষার্থীর মাথা ফাটিয়েছেন ছাত্রলীগ কর্মীরা। আহত শিক্ষার্থীর নাম সুজিত চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাটলের সিটে বসা নিয়ে সুজিতের সঙ্গে কথা কাটাকাটি হয় ফার্সি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিস নামের এক ছাত্রলীগ কর্মীর। এক পর্যায়ে ফতেহাবাদ স্টেশনের কাছাকাছি তাকে নামিয়ে দেন সুজিতসহ কয়েকজন। এ ঘটনার পর ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালে বাংলা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের আকিব ও আনিসসহ কয়েকজন দ্বারা আক্রমণের শিকার হোন সুজিত। তারা সবাই শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মী।
এ বিষয়ে সুজিত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কারণে কথা বলতে পারেননি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ইত্তেফাককে বলেন, আমি ঘটনাটি শুনেছি। এটা দুঃখজনক। আমরা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
