হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩৭

হবিগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ দণ্ডিত আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ও একই সঙ্গে তাকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদানের রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

দণ্ডিত ব্যক্তি হলেন, বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের পুত্র সৈয়দ হেলাল মিয়া।  এছাড়াও মামলার অপর দুই আসামী দণ্ডিত ব্যক্তির মা সৈয়দা শাহেদা খাতুন ও আত্মীয় তাজুল ইসলাম এর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণাকালে সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, বাহুবল উপজেলার বড়গাও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর কন্যা লাভলী আক্তারের (রহিমা) সঙ্গে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি একই উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ হেলাল মিয়ার বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকেই সে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর রাত্রি ১২টায় ১ লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রী লাভলী আক্তারকে স্বামী সৈয়দ হেলাল মিয়া শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন খবর পেয়ে নিহতের আত্মীয় স্বজন শ্বশুরবাড়িতে গিয়ে লাভলী আক্তারের মৃত দেহ দেখতে পান। এ সময়ে উপস্থিত লোকজন বাহুবল থানার পুলিশকে খবর দিলে আসামীরা পালিয়ে যায়। এ ব্যাপারে নিহত গৃহবধুর ভাই মো. শাহীন চৌধুরী বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। পরে বাহুবল থানা পুলিশ মামলার তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে। রাষ্ট্রপক্ষে ২৩ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার পর বিজ্ঞ বিচারক মামলার উপরোক্ত রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হাফিজুল ইসলাম।

ইত্তেফাক/ ইআ