মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে এক যুবলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ওই যুবলীগ নেতার বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তাকে মারপিট ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা যুবলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করে। বহিষ্কৃত যুবলীগ নেতা হলেন- বড়বালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মিয়া।
গ্রামীণ ব্যাংক বড়বালা শাখার ব্যবস্থাপক হায়াত্ মাহমুদ বলেন, আব্দুল বাতেন অবৈধভাবে আমার কাছে চাঁদা দাবি করেছিল। আমি দিতে অস্বীকার করায় তিনি আমার ওপর হামলা চালায় এবং টেনে হিঁচড়ে নিয়ে ইউনিয়ন পরিষদে আটকে রাখে। বহিষ্কৃত যুবলীগ নেতা আব্দুল বাতেন মিয়া বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ অসত্য। তারপরও যেহেতু আমার নেতা বহিষ্কার করেছেন, আমি তাদের সিদ্ধান্তে একমত। উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ বলেন, ব্যক্তির অপরাধের দায় কখনও যুবলীগ কাঁধে নেবে না। অভিযোগ ওঠায় বাতেনকে বহিষ্কার করা হয়েছে।
