গফরগাঁও উপজেলা পরিষদ কমপ্লেক্স ছয়দিন ধরে পানি সরবরাহ বন্ধ!

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

উপজেলার সরকারি অফিস পাড়া ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসস্থল গফরগাঁও উপজেলা পরিষদ কমপ্লেক্সে গত ছয়দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ কমপক্ষে ৩০টি সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, সেবাপ্রার্থী নাগরিক এবং উপজেলা পরিষদ কোয়ার্টারে বসবাসকারী আরো ১৫টি পরিবারের লোকজন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের পানির পাম্পের মটরটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের কম্পাউন্ডে অবস্থিত সরকারি অফিসসমূহ ও আবাসিক কোয়ার্টারে পানি সরবরাহ  বন্ধ রয়েছে। গত ছয়দিনেও পানি পাম্পের নষ্ট হয়ে যাওয়া মটরটি মেরামত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, পানির অভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান জানান, পানি পাম্পের মটরটি মেরামত করার জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রকীেশলী মো. তফাজ্জল হোসেন বলেন, মটরটি মেরামতের কাজ চলছে।