বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:৫৬

মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ইনটেলিজেন্স-নির্ভর পুলিশ, এপিবিএন, এসএসএফ, পিজিআরের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্হা নেওয়া হয়েছে। প্রতটি ভেনু্য এসবি, এসএসএফ, র্যাব ও ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। 

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মলনে এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, সংসদ ভবনের আশপাশের এলাকার প্রতিটি বহুতল ভবনে পোশাকে ও সাদা পোশাকে নিযুক্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। স্বাস্হ্যবিধি পরিপালনে স্বাস্হ্য মন্ত্রণালয় থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা কঠোরভাবে পালন করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে গত এক সপ্তাহ ধরে যতোগুলো ভেন্যু আছে

সবগুলোর আশপাশে সন্দেহভাজন আবাসিক হোটেল, বহুতল ভবন, মেস, বাসাবাড়িতে ব্লক রেইড করছি। বিশেষ পরিস্হিতি মোকাবিলায় সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্ত্তত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। 

তিনি বলেন, আমাদের বিজয় উত্সব ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে আয়োজন। এ উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি অংশ নেবেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে বঙ্গবন্ধু ভবন, সংসদ ভবন চত্বরে মূলত অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারেড হবে এবার আরো বর্ণিল ও জাঁকজমকপূর্ণ। 

নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, আমন্ত্রিত দেশি-বিদেশি ভিভিআইপি, ভিআইপিরা যেসব রুটে চলাচল করবেন সেসব রুটে প্রটেকশনের পাশাপাশি, রুফটপ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংসদ ভবন এলাকার আশপাশে যতোগুলো ভবন আছে সেখানে প্রত্যেক ফ্লোরে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন। সংসদ ভবন এলাকায় ডাইভারসন করা হবে। সেটির প্ল্যান আমরা জানিয়ে দেবো। 

জঙ্গি তত্পরতার বিষয়টি নিরাপত্তা ব্যবস্হায় মাথায় রাখা হয়েছে কি না, জানতে চাইলে কমিশনার বলেন, জঙ্গিরা সবসময়ই তত্পর থাকে। সুযোগ পেলেই ছোবল মারার চেষ্টা করে। সেদিকে নজর রাখা হয়েছে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে বেশ বিশৃঙ্খলা ও অস্হিতিশীল পরিস্হিতি সৃষ্টির চেষ্টা হয়েছিল। এবার সেরকম কিছু ঘটার ব্যাপারে কোনো তথ্য রয়েছে কি না; জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। আমরা আশা করছি নিরাপদেই অনুষ্ঠানটা হবে এবং খুব সম্মান-মর্যাদার সঙ্গে ভারতের রাষ্ট্রপতি আমাদের জাতীয় উত্সবে অংশ নেবেন। 

ইত্তেফাক/এএইচপি