আদর্শিক যুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়নি বলে জামায়াত-শিবির আজও এদেশে রাজনীতি করতে পারছে বলে মন্তব্য করেছেন শহীদ বুদ্ধিজীবী ডা. আব্দুল হালীম চৌধুরীর কন্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আদর্শিক যুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়নি বলে জামায়াত-শিবির আজও এদেশে রাজনীতি করে। কুখ্যাত রাজাকার এদেশে মন্ত্রী হতে পারে। আমার বাবার আত্মস্বীকৃত খুনি তথাকথিত মওলানা আব্দুল মান্নানের পত্রিকা আজও প্রকাশিত হচ্ছে। সাম্প্রদায়িক উসকানি দিয়ে যাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, আমার বীর বাবার পরবর্তী প্রজন্ম আজ ভুল পথে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শে বলীয়ান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা সবাই বঙ্গবন্ধুর মতো মুক্তিযোদ্ধা হও। তাহলেই আমাদের ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ সার্থক হবে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শোককে শক্তিতে পরিণত করতে হবে। আবেগ আমাদের তাড়িত করে এমনটি নয়, কিন্তু এ শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। একাত্তরের পরাজিত শক্তি এখনও সক্রিয় থাকায় তরুণ প্রজন্মকে তাদের ব্যাপারে সর্তক থাকার আহ্বান জানান তিনি।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার ও বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম প্রমুখ।
