এবার সেঞ্চুরি পেলেন সৌম্য 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০১:৩৯

রানের খরায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডেই সেঞ্চুরির দেখা পেয়েছেন মিঠুন। এবার সেঞ্চুরির তালিকায় নাম তুললেন সৌম্য সরকারও।

গতকাল চট্টগ্রামে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন সৌম্য। মিজানুর, মিঠুনের পর সৌম্যর সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৬৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল।

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭২ রান তুলেছে উত্তরাঞ্চল। মার্শাল আইয়ুব ২৮ ও মাহিদুল ইসলাম অঙ্কন শূন্য রানে অপরাজিত আছেন। এখনো ১৭২ রানে এগিয়ে আছে মধ্যাঞ্চল। আজ উত্তরাঞ্চলের শেষ ৫ উইকেট দ্রুত তুলে নিতে পারলেই জয় পাবে দলটি।

আগের দিন ৩৯ রানে অপরাজিত থাকা সৌম্য গতকাল সেঞ্চুরি পূর্ণ করেছেন। সালমান হোসেনের সঙ্গে ১১০ ও মোসাদ্দেকের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েছেন তিনি। ১৪৮ বলে অপরাজিত ১০৪ রান (১০ চার, ১ ছয়) করেই মাঠ ছাড়েন সৌম্য। মোসাদ্দেক ৫০ রানে অপরাজিত ছিলেন। সালমান ৫৩ রান করেন।

দ্বিতীয় ইনিংসে নেমেও বিপদে পড়ে যায় উত্তরাঞ্চল। ওপেনার তানজিদ হাসান তামিম ৯০ রান করলেও বাকিরা সুবিধা করতে পারেননি। পারভেজ ইমন (১২), নাঈম ইসলাম (১৮), তানবির হায়দাররা (১৮) দলের ভরসা হতে পারেননি। মধ্যাঞ্চলের হাসান মুরাদ ৩টি উইকেট নেন।

রাজশাহীতে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ২৬ রানে এগিয়ে আছে পূর্বাঞ্চল। কিন্তু আজ ম্যাচটা জয়ের সুযোগ আছে দক্ষিণাঞ্চলের সামনেই। গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। আফিফ ৭৩, ইরফান শুক্কুর ১৮ রানে অপরাজিত রয়েছেন। ইমরুল কায়েস ৩৯, আশরাফুল ২৫ রান করেন। আজ দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলকে যত দ্রুত অলআউট করতে পারবে দক্ষিণাঞ্চল, ততই তাদের জয়ের সম্ভাবনা বাড়বে। লিডটাও নাগালের কাছেই রাখতে হবে তাদের।

এর আগে গতকাল সকালে জাকির হাসানের সেঞ্চুরি ও নাসুম আহমেদের হাফ সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় ৪২৯ রানে। জাকির হাসান ১৫৮, নাসুম ৫৯ রানের ইনিংস খেলেন। নাঈম হাসান, এনামুল, আশরাফুল ৩টি করে উইকেট নেন।

ইত্তেফাক/টিআর