মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে খুব একটা দর্শক নেই। এত বড় গ্যালারির প্রায় পুরোটাই ফাঁকা। সব গেটও খোলা ছিল না। একটা গেট দিয়ে দর্শক ঢোকার ব্যবস্হা ছিল। হকি ফেডারেশন মনে করছে আজ বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ-ভারতের ম্যাচ। এই ম্যাচ দেখতে হকি অনুরাগীরা মাঠে আসবেন। খেলা দেখতে টিকিট লাগছে না। তবে মাঠে গিয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ মিস করতে চাইবে না দর্শক। বাংলাদেশের দলের সামনে ভারত শক্তিশালী দল। টানা দুই বছর আন্তর্জাতিক ম্যাচ হতে দূরে বাংলাদেশ।
২০১৭ সালে এশিয়া কাপ হকি হয়েছিল। এরপর লিগ হয়েছিল ২০১৮ সালে। তার পর হতে ঘরোয়া হকি ছিল বন্ধ। এবার যখন লিগ হয়েছে অনেক চড়াইউতরাইয়ের পর। লিগ শেষ হতেই এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির প্রস্ত্ততি নিয়েছে ১০ দিনে। জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তি এই ১০ দিনে বাংলাদেশ দলটাকে কতটুকু তৈরি করতে পেরেছেন তার বড় পরীক্ষা আজ শুরু হবে।
চ্যাম্পিয়নস ট্রফিতে র্যাংকিংয়ে বাংলাদেশই সবার নিচে। ভারত, পাকিস্তান, কোরিয়া এবং জাপানের চেয়ে বাংলাদেশের অবস্হান অনেক দূরে হলেও বাংলার খেলোয়াড়রা চাইছেন ভালো কিছু তুলে ধরতে। ভারত চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন দল। যারা টোকিও অলিম্পিক গেমস হকিতে খেলেছেন তাদের অনেককে বিশ্রাম দিয়ে অন্যদের সুযোগ তৈরি দিয়েছে ভারতীয় হকি ফেডারেশন। তারা টার্গেট করছে ২০২২ এশিয়ান গেমস হকিতে শক্তিশালী দলটাকে গড়ে তোলা।
একাধিক সিনিয়র খেলোয়াড় না এলেও ভারতের মতো শক্তিশালী দলের সঙ্গে পেরে উঠা কঠিন বাংলাদেশের। তার ওপর গতকাল এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ভারত ২-২ গোলে কোরিয়ার বিপক্ষে ড্র করেছে। ২ গোলে এগিয়ে থাকা ম্যাচটায় ড্র নিয়ে হোটেলে ফিরতে হয়েছে ভারতকে। তারাও আজ বাংলাদেশকে ছাড় দেবে না।
বাংলাদেশ অবশ্য ম্যাচ জেতার টার্গেট করছে না। আশরাফুল, জিমি, মিমো, খোরশেদ, সারওয়ারদের টার্গেট হচ্ছে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে পালটা আক্রমণে যাওয়া। ভারতকে ফাঁকা জায়গা না দেওয়া। একটা বলও যেন ফাঁক গোলে বেরিয়ে যেতে না পারে। যতগুলো আক্রমণ হবে তার সবগুলো প্রতিহত করার সামর্থ্যটা যেন একটি বারের জন্য দুর্বল না হয়। তারপরও যারা ভারত-বাংলাদেশের হকির শক্তি সম্পর্কে জানা আছে তারা বুঝবেন আগুনের ফুলকি দেখাবে ভারত। তাদের ওপর দিয়ে নিজেরা জ্বলে উঠতে পারবে কি না, সেটাই আজ দেখার বিষয়।
বাংলাদেশ দলে ৬ জন অনূর্ধ্ব-২১ হকি দলের খেলোয়াড় রয়েছেন। যাদের জন্য আজকের ম্যাচ রোমাঞ্চের। ভারতের মতো দলের বিপক্ষে খেলবেন, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্রস্ত্তত তারা।
এশিয়ান চ্যাম্পিয়ন হকি ট্রফি উন্মোচনের দিনে ফটো সেশনে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল ইসলাম এবং ভারতের অধিনায়ক মানপ্রীত সিং।
