ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত ৭০তম মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধু। প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯ দেশের সুন্দরীকে পিছনে ফেলে মিস ইন্ডিয়া ইউনিভার্স হন চণ্ডীগড়ের মেয়ে মডেল ও অভিনেত্রী সান্ধু। জয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী মিস প্যারাগুয়েকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলেন তিনি। মিস ইউনিভার্স মুকুট জয়ের পর গণমাধ্যমে নিজের সাফল্য নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তার দেওয়া সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-
মিস ইউনিভার্স হওয়ার মুহূর্তে আপনার অনুভূতি কেমন ছিল?
মঞ্চে আমার দেশের নাম ‘ভারত’ শুনে (যখন বিজয়ী ঘোষণা করা হচ্ছিল) এমন অনুভূতি হয়েছিল, যা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু আমি না, চারপাশের সবাই কেঁদেছিল। আমরা ২১ বছর ধরে আমরা এই দিনটির অপেক্ষা করেছি এবং আমি বিশ্বাস করতে পারিনি যে, এমনটা আসলেই ঘটছে। এটা এখনো আমার কাছে অবিশ্বাস্য। আমাকে সমর্থন করার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।
দীর্ঘ এই যাত্রার অভিজ্ঞতা কীভাবে ব্যাখ্যা করবেন?
আমি সবসময় বিশ্বাস করি কিছু জয় করতে হলে শান্ত থাকতে হবে। প্রতিযোগিতাটিতে এমন কিছু মুহূর্তের মুখোমুখি হতে হয়েছে, যা আমাকে বিব্রত করেছে। তবে আমি মাথা ঠান্ডা রেখে সেগুলো মোকাবেলা করেছি। শেষে কী হবে এটা কখনো ভাবিনি। চেষ্টা করেছি প্রতিটি কাজে নিজের সেরাটা দেওয়ার। এই প্রতিযোগিতার একটি অংশ হওয়ার কারণে দুর্দান্ত কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাইনি।
প্রতিবন্ধকতা মোকাবেলার জন্য বর্তমান প্রজন্মের মেয়েদের উদ্দেশ্যে কী বলবেন?
এখনকার মেয়েদের নিজের প্রতি বিশ্বাস কমে গেছে। ভাবতে শিখুন, আপনি অনন্য এবং এই ভাবনাই আপনাকে সুন্দর করে তুলবে। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পক্ষে কথা বলুন। কারণ আপনি আপনার জীবনের নেতা। আপনি আপনার নিজের কণ্ঠস্বর। আমি নিজেকে বিশ্বাস করতাম, তাই আজ এখানে দাঁড়িয়ে আছি। বলতে পারেন, আত্মবিশ্বাস আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে।
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ব্যক্তিদের প্রসঙ্গে কী বলবেন?
সত্যি বলতে, প্রকৃতির নানা সমস্যার ভেতর দিয়ে যাওয়া দেখলে আমার হৃদয় ভেঙে যায়। আমাদের কথা কম বলে পদক্ষেপ নেওয়ার জন্য এটি উপযুক্ত সময়। কারণ প্রতিটি ক্রিয়া প্রকৃতিকে হত্যা করতে পারে বা বাঁচাতে পারে। আমি মনে করি, অনুতাপ এবং মেরামতের চেয়ে প্রতিরোধ ও রক্ষা করা ভালো।
