রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেওয়াল চাপা পড়ে শিশু জিহাদের (৭) মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
গণপূর্ত সচিব, স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইও, প্রধান প্রকৌশলী এবং ঢাকা জেলা প্রশাসকসহ ১০ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির হোসেন হাওলাদার।
গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরে দেওয়াল চাপা পড়ে জিহাদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা নাজির হোসেন ও আইন অধিকার (বিডি) ফাউন্ডেশন।
