নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৬ মাসের শিশুর মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২:২৮

নিউইয়র্ক রাজ্যের বাফেলো’য় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির ছয় মাসের শিশুপুত্র আবদুল্লাহ আল নিয়াজ মারা গেছে।

স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সড়ক দুর্ঘটনায় শিশুটির ফুপু তানিয়া রহমান গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি আব্দুল্লাহ আল নোমান এবং মৌসুমী ইয়াসমিন মুনা আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

মৌসুমী ইয়াসমিন মুনার মামা নিউইয়র্কের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার জানান, কিছুদিন পূর্বে নিউইয়র্কের কুইন্স থেকে বাফেলোতে মুভ করেন নোমান ও মুনা দম্পতি। সোমবার রাতে শিশুপুত্র নিয়াজ ও ফুপু তানিয়াকে নিয়ে বাফেলোর বাসা থেকে ১০ মিনিটের দূরত্বে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে ইন্টারসেকশনের সিগন্যালে রেডলাইটে তাদের গাড়ি অপেক্ষা করছিল। হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি তাদের গাড়ির পেছনে সজোরে আঘাত করে। এতে নোমানের গাড়িটি সামনের একটি ইলেকট্রিক পোলে আঘাত লেগে দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা শিশু নিয়াজসহ সবাই আহত হন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিয়াজ মারা যায়। মারাত্মক জখম অবস্থায় রিয়াজের ফুপু তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কোমরে অস্ত্রোপচার করতে হয়েছে।

আব্দুর রহিম হাওলাদার আরও জানান, নিয়াজ তাদের বংশের প্রথম নাতি। তার অকাল মৃত্যুর খবরে তাদের পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার খবর শুনে তিনি বাফেলোতে যান এবং জানায়ায় অংশ নেন। পরে নিয়াজের মরদেহ স্থানীয় মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এমআর