ইবিতে পাখির অভয়ারণ্য সৃষ্টিতে ব্যতিক্রমী আয়োজন 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:০০

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাখির নিরাপদ আবাস সৃষ্টিতে অভয়ারণ্য ও পাখি চত্বর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া এ চত্বর উদ্বোধন করেন। 

বিশ্ববিদ্যালয়ের লেক সংলগ্ন ও প্রকৌশল ভবনের পার্শ্ববর্তী স্থানে পাখি অবমুক্তকরণ ও পাখির জন্য খাদ্য বিতরণের মাধ্যমে এ অভয়ারণ্য ও পাখি চত্বর উদ্বোধন করা হয়।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম অভয়ারণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রধান উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ও উদ্বোধনী অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. মো. শাহজাহান মণ্ডল এবং অভয়ারণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবী বৃন্দ। 

আইন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের স্বেচ্ছাসেবী এম. এম. বনি আমিন এবং ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের স্বেচ্ছাসেবী কুররাতুল আইন উর্মির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গণিত বিভাগের শিক্ষার্থী ও অভয়ারণ্যের প্রতিষ্ঠাকালীন সদস্য ইশতিয়াখ ফেরদৌস ইমন। 

বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং প্রফেসর ড. শাহাজাহান মন্ডল, সহকারী প্রক্টর মো. শফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এম. এম. নাসিমুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় পাখির নিরাপদ অভয়ারণ্য সৃষ্টিতে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ইমন, অর্প, ভাবনা, ফাহিম, নাহিন, বনি, নাহিয়ান, মাসুম, আপন, রিদি, উর্মি, আবৃত্তি, পিউ, সানজিদা, শৈলি,সাকিব, রায়হান, সাবিতসহ আরও অনেকে। 

‘শান্তি ও সংস্কৃতিতে অভয়ারণ্য’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম করে চলেছে নবীন শিক্ষার্থীদের হাতে গড়া এই সংগঠন ‘অভয়ারণ্য’।

ইত্তেফাক/এআই