স্পোর্টস রিপোর্টার
এক যুগের বেশি সময় ধরে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রস টেইলর। নেতৃত্বও দিয়েছেন দেশকে। ডানেডিনে গতকাল নিউজিল্যান্ডের হয়ে দারুণ এক কীর্তি গড়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রস টেইলর। গতকাল ক্যারিয়ারের ৪৭তম হাফ সেঞ্চুরিতে মিডল অর্ডার এই ব্যাটসম্যান টপকে গেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে।
নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডের সেরা রান সংগ্রাহকের রেকর্ডটা অনেক বছর ধরে ফ্লেমিংয়ের কাছেই ছিল। ২০০৭ সালে অবসর নিয়েছিলেন সাবেক এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। আট হাজার সাত রান করেছিলেন ফ্লেমিং। তার অবসরের পরও এক যুগ অক্ষত ছিল রেকর্ডটা। গতকাল সেটি নিজের করে নিয়েছেন রস টেইলর। ডানেডিনে ৬৯ রান করে তার ঝুলিতে এখন আট হাজার ২৬ রান।
তবে ফ্লেমিংয়ের চেয়ে কম সময় নিয়েছেন রস টেইলর। ২১৮ ম্যাচে ২০৩ ইনিংসেই এই রান করেছেন তিনি। যেখানে ফ্লেমিং ২৭৯ ম্যাচে ২৬৮ ইনিংস খেলেছিলেন। ফ্লেমিং আট সেঞ্চুরির সঙ্গে ৪৯টি হাফ সেঞ্চুরি করেছেন, ব্যাটিং গড় ৩২.৪১। রস টেইলর ২০ সেঞ্চুরির পাশাপাশি ৪৭টি হাফ সেঞ্চুরি করেছেন, ব্যাটিং গড় ৪৮.৩৪।
রেকর্ড হারানোর পরপরই টুইট করে রস টেইলরকে অভিনন্দন জানিয়েছেন অগ্রজ ফ্লেমিং। বিনয়ের সঙ্গে রস টেইলরও ধন্যবাদ জানিয়েছেন ফ্লেমিংসহ তাকে অভিবাদন জানানো সবাইকে।
ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রস টেইলর, ফ্লেমিংয়ের পরই আছেন নাথান অ্যাস্টল। সাত হাজার ৯০ রান করে তৃতীয় স্থানে তিনি। চারে রয়েছেন মার্টিন গাপটিল। ডানহাতি এই ওপেনারের ঝুলিতে আছে ছয় হাজার ৪৪০ রান। পঞ্চম স্থানে ব্রেন্ডন ম্যাককালাম। দেশটির সাবেক এই অধিনায়ক ছয় হাজার ৮৩ রান করে অবসর নিয়েছেন।
গতকাল ডানেডিনে খেলতে নামার আগে রস টেইলরের সংগ্রহ ছিল ৭ হাজার ৯৫৭ রান। ফ্লেমিংয়ের চেয়ে ৫০ রান দূরে ছিলেন। ইনিংসের ২৮তম ওভারে মাশরাফিকে চার মেরে আট হাজারে পৌঁছে যান ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৬০ বলে পূর্ণ করেন নিজের ৪৭তম হাফ সেঞ্চুরি। ৩৩তম ওভারে মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ফ্লেমিংকে ছাড়িয়ে যান রস টেইলর। রুবেলের শিকার হওয়ার আগে ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন তিনি।
আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৫৯ রানে দুই উইকেটে হারিয়েছিল। তৃতীয় উইকেটে নিকোলসের সঙ্গে ৯২ রানের জুটি গড়ে দলকে বড় রানের ভিত পাইয়ে দিয়েছিলেন রস টেইলর। মাইলফলকের ম্যাচেও দারুণ কার্যকর ইনিংস খেলেছেন তিনি।
