সুযোগ পেয়েও ব্যর্থ বার্সা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৭

লিভারপুল-বায়ার্নের

খেলাও ড্র

  স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা ফরাসি ক্লাব লিয়র বিরুদ্ধে ২৫টি শট হাকিয়েও তার কোনোটি গোলে পাঠাতে পারেনি। ফলে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় লিয়র সাথে তাদের খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। একইভাবে গোলশূন্য থাকে লিভারপুলের মাঠে বায়ার্ন মিউনিখের খেলাটিও।

লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও ফিলিপ কোটিনহো বিপক্ষের পোস্টের সামনে গোল করার ব্যাপারে দক্ষ হলেও এই রাতে লিয় গোলরক্ষক অ্যান্থনি লোপেজ তাদের সব প্রয়াস ভেস্তে দেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর এ খেলায় ফরাসি ক্লাবটিও সুযোগ পেয়েছিল। কিন্তু মার্ক-অ্যান্ড্রে টের স্টেজেন দুর্দান্তভাবে মার্টিন টেরিয়েরের শটটি রুখে দেন। ন্যু ক্যাম্পে ১৩ মার্চ দুদলের ফিরতি লেগটি অনুষ্ঠিত হবে।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে আছে কাতালান ক্লাবটি। কিন্তু ২০১৫ সালে জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়ের পর তারা আর এর পুনরাবৃত্তি ঘটাতে পারেনি।

কোচ আর্নেস্তো ভেলভার্দের দল লিয়র মাঠে খেলতে এসেছিল ফেভারিট হিসেবেই।

জিতলে টানা ১১তম বারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিতপ্রায় হয়ে যেত তাদের। কিন্তু এখন গোলশূন্য ড্রয়ের কারণে ফিরতি খেলাটি হতে পারে যে কারোরই। সবধরনের খেলা মিলিয়ে মেসি বাহিনী শেষ পাঁচ খেলার চারটিতেই ড্রয়ে বাধ্য হলো।

এ ব্যাপারে দলটির কোচ টের স্টেজেনের পরামর্শ সাম্প্রতিক এ ধারা কাটিয়ে উঠতে হলে বার্সেলোনাকে আত্মবিশ্বাস ফেরাতে হবে। বিশেষ করে আগামি কয়েকদিনে তাদের কঠিন কয়েকটি খেলা আছে। বার্সেলোনা প্রহরীর মতে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনোবল ফেরানো। আমাদেরকে সেভিয়ার বিরুদ্ধে খেলাটির আগে শতভাগ প্রস্তুত এবং মনোবল ফেরাতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা লিয়র বিরুদ্ধে আরেকটু বেশি চেয়েছিলাম। এখন আমাদের সামনের বড় খেলাগুলোর দিকে তাকাতে হবে। এরপর আমাদের হাতে থাকবে লিয়র বিরুদ্ধে দ্বিতীয় লেগের খেলাটি।’

এদিকে বায়ার্ন কোচ নিকো কোভাচ লিভারপুলের মাঠে তার খেলোয়াড়রা যে শৃংখলার সাথে রক্ষণভাগ সামাল দিয়েছেন, তার প্রশংসা পঞ্চমুখ হয়েছেন। তাই বলে তিনি আনন্দে ভেসে যাচ্ছেন না। কারণ তার মতে চ্যাম্পিয়ন্স লিগে তার কাজটা কেবল অর্ধেক শেষ হয়েছে। যদিও ফিরতি লেগের আগে গোলশূন্য ড্র মানে দলটি ভালো অবস্থাতেই আছে।

কোচ কোভাচ তাই খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেছেন তারা যেন এটাকে জয় ভেবে না নেয়। তার মতে, ‘এটা হচ্ছে অর্ধেক ভরা, অর্ধেক খালি। আমার মনে পড়ে না অ্যানফিল্ডে খেলতে এসে হারেনি, কিংবা গোল হজম করেনি; এমন দল খুব বেশি আছে। তাছাড়া লিভারপুল যেভাবে খেলেছে তাতে তারা দুর্দান্ত এক দল।’