শিবালয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বছর দুই হাজার ৫২ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সরিষা, ভুট্টা, চীনাবাদাম, তিল ও বিটিবেগুন বীজ এবং ডিএপি-এমওপি সার রয়েছে। জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে ১১শ কৃষককে এক কেজি করে সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে । ৮শ কৃষককে দুই কেজি করে ভুট্টা বীজ দেওয়া হয়। ৫০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি চীনাবাদাম বীজ, ১শ জনকে তিল বীজ ও দুজনকে এক কেজি করে বিটিবেগুন বীজ দেওয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ উজ্জামান জানান, বিঘা প্রতি এক কেজি হারে বীজ ও প্রয়োজনীয় সার তালিকাভুক্ত কৃষকের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ কার্যক্রম শনিবার শুরু করা হয়।
প্রাথমিক সমাপনী পরীক্ষার
প্রথম দিন অনুপস্থিত ২১০
শিবালয় উপজেলার ৯টি কেন্দ্রে গতকাল রবিবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় চার হাজার ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২১০ জন অনুপস্থিত ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাবেরা সুলতানা জানান, প্রথম দিন অনুষ্ঠিত ইংরেজি পরীক্ষায় প্রাথমিক শিক্ষা বিভাগে ১৯৬ জন ও ইবতেদায়ি শাখায় ৪৬ জনের মধ্যে ১৪ পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
ব্যানার-ফেস্টুন বিলবোর্ড অপসারণে ধীরগতি
নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী গতকাল রবিবারের মধ্যে বিভিন্ন স্থানে লাগানো ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, তোড়নসহ অবৈধ স্থাপনা অপসারণের কথা থাকলেও শিবালয় উপজেলার বহুস্থানে সেগুলো আগের মতোই দেখা যায়। তবে কোনো কোনো জায়গায় কিছু দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী এগুলো সরানোর কাজে হাত লাগায়।
