গজারিয়াকান্দি গ্রামটি মুন্সীগঞ্জ শহর থেকে তিন কিলোমিটার দক্ষিণে। এটি মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের অন্তর্গত। বাংলা ১৩৪৫ সালের কথা। এই গ্রামের মুনশি আহাম্মদ আলী মিয়া নিজের ঘর নির্মাণের জন্য ইট, বালু আনেন। কিন্তু রাতে স্বপ্ন দেখেন একটি মসজিদ নির্মাণ করতে হবে।
এরই পরিপ্রেক্ষিতে বাংলা ১৩৪৫ সনের ২১ অগ্রহায়ণ মাসে নির্মাণ করা হয় হাওলাদার বাড়ি মসজিদ। এটি একটি ওয়াক্ফ মসজিদ। এটির ছাদে তিনটি গম্বুজ রয়েছে। গম্বুজগুলো প্লেট ভাঙা বা চিনি টিকরির অলঙ্করণ। মসজিদটি ৩০×৩৫ ফুট আয়তনের। এটি মোগল ডিজাইনে নির্মিত একটি মসজিদ। মসজিদের ৪ কোণে ৮ কোনাকৃতির টারেট রয়েছে। টারেটগুলোর ওপরটা গম্বুজ আকৃতির। মসজিদের দেওয়াল ১ ফুট চওড়া।
এর সঙ্গে বারান্দা সংযুক্ত। মূল মসজিদে প্রবেশ করতে তিনটি খোলা দরজা দিয়ে যেতে হবে। পূর্ব দেওয়ালে চারটি গোল টারেট পরিলক্ষিত হয়। পশ্চিম দেওয়ালে একটি মিহরাব ও মিম্বার দেখা গেল। পশ্চিম দেওয়ালের বাইরেও চারটি গোল টারেট রয়েছে।
খোলা বারান্দা পাঁচটি আট কোনাকৃতির পিলারে আবদ্ধ। ছাদের কার্নিশে ছয়টি ছোট ছোট মিনার রয়েছে। উত্তর ও দক্ষিণ দেওয়াল খাঁজকাটা।
