ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ সফরে শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৬:৩২

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে এই সফরে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির ফার্স্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, শিক্ষা প্রতিমন্ত্রী, দুইজন সংসদ সদস্য ও পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির এই রাষ্ট্রীয় সফরে রয়েছেন দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ৬৮ বছর বয়সী ভারতীয় এই রাজনীতিবীদ ২০১৯ সালের জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাঙ্কুরা থেকে জয়লাভ করেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখার্জিকে বিশাল ব্যবধানে হারান। পরবর্তীতে ২০২১ সালের ৮ জুলাই মোদি সরকারের শাসনামলে তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভারতের রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা। ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোবিন্দকে স্বাগত জানান। পরে সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। সফর শেষে শুক্রবার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

 

ইত্তেফাক/জেডএইচডি