কলমাকান্দার বুগাই সেতুতে ঝুঁকি নিয়ে যান চলাচল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর বাজার এলাকার বুগাই নদীর ওপর (এলজিইডির আওতাধীন) সেতুর পশ্চিম দিকের গার্ডার অংশ ভেঙে গেছে। ফলে এই সেতু দিয়ে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটির পূর্বদিকের শেষ প্রান্তরের সংযোগ সড়কের পাশের অংশ থেকেও বালু সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রতি ধসে যাওয়া অংশ সংস্কার না করায় জনদুর্ভোগ বেড়ে গেছে।

সেতুটির সংস্কারের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কলমাকান্দা উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সেতু ও সেতুসংলগ্ন সড়কটি মেরামতের জন্য টেন্ডার দেওয়ার পর ঠিকাদার নিয়োগ করা হয়েছে। অচিরেই কাজ শুরু করা হবে।

সেতু এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে, বুগাই শাখা নদীর ওপর নির্মিত সেতুটির পশ্চিম পাশের গার্ডার ভেঙে পড়ে আছে। পূর্ব পাশে বালু সরে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে সেতুটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

অটোরিকশাচালক মামুনুর রহমান বলেন, আমরা ঝুঁকি নিয়ে এই সেতুটি দিয়ে অটোরিকশা চালাই। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করার কারণেই দেড় বছরের মধ্যেই সেতুটির এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা রফিকুল মিয়া অভিযোগ করে বলেন, নিম্নমানের কাজের কারণেই সেতু নির্মাণের দেড় বছরের মধ্যে গার্ডারে ধস নেমেছে। অনেক স্থানে ভেঙে গেছে।

সেতুটির পাশেই হিলফুল ফুজল দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল লাতিফ বলেন, সেতুটির বর্তমান অবস্থার কারণে এই এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ১০০ ছাত্রছাত্রীকে ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে।

কৈলাটি ইউপি চেয়ারম্যান রুবেল ভুঁইয়া বলেন, সেতুটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, তিনি সেতুর ভাঙা অংশ দ্রুত সংস্কারের জন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন।

কলমাকান্দা উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেতুটি সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশও প্রদান করা হয়েছে।