সম্প্রতি বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর এবার গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করছেন এই নব-দম্পতি। আগামী ২০ ডিসেম্বর মুম্বাইয়ের বিলাসবহুল হোটেলে এই রিসেপশনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সকলের কাছে চলে গিয়েছে নিমন্ত্রণপত্রও।
বিয়েতে আমন্ত্রিতদের তালিকা বেশ লম্বাই ছিল ভিক্যাটের। তবে ‘ওমিক্রনে’র থাবায় শেষ মুহূর্তে নাকি সেই তালিকা কাটছাঁট করেন তারা। বর্তমানে ‘ওমিক্রন’ তার দাপট দেখাচ্ছে। ভারতের একাধিক রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তা ভাবাচ্ছে বলিউডের এই নয়া জুটিকে। তা সত্ত্বেও রিসেপশনের আয়োজন প্রায় শেষ। প্রথম সারির সেলিব্রেটিরা যাতে ২০ তারিখ এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, তার জন্য আলাদা করে জানিয়ে দেওয়া হয়েছে।
বিগ বি অমিতাভ থেকে বলিউড বাদশা শাহরুখ, কে নেই এই তালিকায়। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান, আমির খান, হৃত্বিক রোশন, কারাণ জোহর, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, অজয় দেবগণ, ঈশান খট্টর, মেঘনা গুলজার, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, তাপসী পান্নুর মতো তারকারা রয়েছেন তালিকায়।
‘প্রাক্তন’-দেরও নাকি নিমন্ত্রিতদের তালিকা থেকে বাদ দেননি ভিক্যাট। সালমান খান এবং রণবীর কাপূরও নাকি নিমন্ত্রণ পাচ্ছেন। এছাড়া প্রথম শ্রেণির প্রযোজক, পরিচালকরাও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন। এই দুই প্রাক্তন প্রেমিকই ক্যাটরিনাকে বিয়েতে উপহারও দিয়েছেন। সালমান নাকি প্রায় একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনাকে। প্রাক্তন প্রেমিকাকে বিয়েতে ২ কোটি ৭০ লক্ষ টাকার হীরার নেকলেস উপহার দিয়েছেন রণবীর।
