রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার স্তূপ থেকে অজ্ঞাত এক নারীর (৩০) পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
যাত্রাবাড়ী থানা উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, মৃতদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া। এ ছাড়া মৃতদেহটি পঁচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার পর মরদেহ গুমের জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে- হত্যার পর তাকে সেখানে ফেলে রাখা হতে পারে। এছাড়া অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সে আগুনেও তার শরীর দগ্ধ হতে পারে। তবে সবকিছু মিলিয়ে আমরা তদন্ত করছি।
