১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্সের (সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে ২৩ বছরের বঞ্চনার ইতিহাস ১৯ মিনিটে তুলে ধরে বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মঞ্চস্থ হলো বাংলাদেশের সবচেয়ে বড় এনভায়রনমেন্টাল থিয়েটার ‘জয় বাংলা’। এটি ছিল যেন সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধুর ভাষণের প্রতিরূপ।
আয়োজনটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে দুপুর ২টায় 'রেসকোর্স অভিমুখে' মিছিল আসতে শুরু করে। এরপর দুপুর ৩টায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ ও এর আশেপাশের ১ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে মঞ্চস্থ হয় নাটকটি। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাসহ প্রায় ১৪০০ মানুষ অংশ নেন। মাঠটিকে তৎকালীন রেসকোর্স ময়দানের আলোকে সাজানো হয়।
আয়োজনটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার এবং প্রযোজনা ও তত্ত্বাবধানে ছিল থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।
‘জয় বাংলা’ নাটকে ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের স্লোগান, মিছিল ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কমকর্তা অভিনয় করেন।
