বন্দুকযুদ্ধে নিহত ৩

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

ইত্তেফাক ডেস্ক

রাজধানীর শ্যামলীসহ টেকনাফ ও যশোরে পৃথক বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। চট্টগ্রামে আহত হয়েছেন একজন।

র্যাব-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ারুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্য পাওয়া যায়, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমানে হেরোইনের চালান নিয়ে ৩-৪ জন মাদক ব্যবসায়ী ঢাকায় আসছে। এ তথ্যে রাজধানীর কল্যাণপুরে ও শ্যামলীতে রাস্তায় ২টি চেকপোস্ট স্থাপন করা হয়। ভোরে সন্দেহভাজন বাসটি (চাঁপাই পরিবহন) কল্যাণপুরে আসলে থামার সঙ্কেত দেয়া হয়। কিন্তু অতিরিক্ত যান চলাচলের কারণে বাসটি থামে শ্যামলী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে। সন্দেহভাজন ৪ জন ব্যক্তি বাস থেকে নামার পর র্যাব সদস্যরা চ্যালেঞ্জ করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা র্যাবের দিকে গুলি ছুড়তে থাকে। র্যাব  সদস্যরা এ সময় গুলি ছুড়ে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে ১টি গুলিভর্তি বিদেশি রিভলবার ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, মাদকের চালান আসতে পারে এমন খবরে বুধবার ভোর সাড়ে ৪টায় বিজিবির হাতে আটক টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ২৬নং মোচনী ক্যাম্পের বাসিন্দা দ্বীন মোহাম্মদের পুত্র মোঃ জাফর আলমকেকে (২৬) নিয়ে টেকনাফ ২ বিজিবি’র একটি টহল দল সাবরাং ইউপির ৫নং স্লুইচ গেট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর স্লুইচ গেট সংলগ্ন খাল দিয়ে একদল লোককে উঠে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি শুরু করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় বিজিবির দুই সদস্য আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে চিকিত্সার জন্য নেওয়া হয়। ভোরে বিজিবির আরো একটি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি দেশিয় লম্বা বন্দুক, ৫ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ জাফরকে উদ্ধার করে। টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর অফিস জানায়, বুধবার যশোরের শার্শা উপজেলার কুঁচেমোড়া এলাকায় বন্দুকযুদ্ধে ইবাদত হোসেন বাবু ওরফে ছোটবাবু (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। যশোর অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, নিহত বাবু যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার বাচ্চু ড্রাইভারের ছেলে। তিনি মাদক, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনসহ ১৯টি মামলার আসামি।

চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আসলাম হোসেন প্রকাশ ইমন ওরফে ডাকু আলমাস নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার ভোররাতে মহানগরীর কোতোয়ালী থানার নন্দনকান বোস ব্রাদার্সের সামনে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আসলামকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন সাংবাদিকদের জানান, ছিনতাইকারী ও ডাকাত আসলাম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়েছে।