আগে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:৫৮

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৯-০ গোলে পরাজয়ের পর কোরিয়ার বিপক্ষে আরও বড় ব্যবধানে হারবে বাংলাদেশ সেটাই ভেবে নিয়েছিল সবাই। তবে সেটা হয়নি। কোরিয়া বাংলাদেশের বিপক্ষে জিতেছে তবে ঘাম ঝরিয়ে। বাংলাদেশের বিপক্ষে কোরিয়া জয় পেয়েছে ৩-২ গোলে।

তিন বছর আগে যেখানে বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়েছিল কোরিয়ানরা, সেখানে শুক্রবার (১৭ ডিসেম্বর) তাদের জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে। শক্তিশালী এই কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে লিড নিয়েছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে আরশাদ হোসেনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার জাং জংহিয়ুন গোল করে সমতা আনেন। ৪৮ মিনিটে ব্যবধান ২-১ করেন জি উ চিয়ন। ৫৪ মিনিটে পার্ক চিয়োলন গোল করলে মনে হয়েছিল ব্যবধান বড় করেই মাঠ ছাড়বে কোরিয়ানরা।

কোরিয়ানরা ম্যাচে ফিরে এক পর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়েও গিয়েছিল। কিন্তু বাংলাদেশ আবার ব্যবধান কমিয়ে ম্যাচটিকে জমিয়ে দেয়। শেষ দিকে দুটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তার একটি কাজে লাগিয়ে হারের ব্যবধান ৩-২ করে লাল-সবুজেরা।

কোরিয়ার বিপক্ষে হারলেও বাংলাদেশের সমর্থকরা বেশ খুশি। এর আগে কোরিয়ার বিপক্ষে শেষ তিন ম্যাচে ২৩ গোল খেয়েছিল বাংলাদেশ। তবে এবার কোরিয়ার বিপক্ষে বেশ ভালো খেলেছেন আশরাফুল-জিমিরা। র‍্যাঙ্কিংয়ে কোরিয়ার স্থান ১৬ নম্বরে আর বাংলাদেশের অবস্থান ৩৮। কোরিয়ার বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর।

  
ইত্তেফাক/এনএ