টঙ্গীতে সন্ত্রাসীদের চাপাতির কোপে যুবক নিহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টঙ্গীতে একদল সন্ত্রাসীর চাপাতির কোপে হাবিব (১৮) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছে। শনিবার রাতে টঙ্গীর আরিচপুর জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে আরো ৬ ব্যক্তি আহত হয়েছে। নিহত হাবিব গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকার আশরাফুল আলমের ছেলে। সে স্থানীয় একটি ফার্নিচার দোকানের কর্মচারী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রাজিব (২২) ও মামুন (১৭) নামে দুজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ৯টার দিকে ১০/১২ জনের একদল সন্ত্রাসী চাপাতি, ছোরা ও অস্ত্র নিয়ে টঙ্গীর আরিচপুর জামাই বাজার এলাকার রাস্তায় আসে। এ সময় তারা যাকেই সামনে পেয়েছে তাকেই এলোপাতাড়িভাবে কোপায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে হাবিব (১৭), মাহফুজ (১৪), হাফেজ (২৩), হাসান (১৫), জিসান (১৫), সোহেল (১৭) ও রোহান (১৫) সহ অন্তত ৬ জন আহত হয়। আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক হাবিবকে মৃত ঘোষণা করেন। আহত হাসানকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান,  নিহত যুবক হাবিব পরিস্থিতির শিকার। রাতে এ ঘটনার সময় হাবিব দোকান বন্ধ করে বাসায় ফিরছিল। এসময় সে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদি হয়ে ১০-১২ জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রাজিব (২২) ও মামুন (১৭) নামে দুজনকে আটক করা হয়েছে।