রংপুরের টিএসপি সারের মূল্য বৃদ্ধিতে দিশেহারা আলুচাষিরা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০২:১১

চলতি আলুর মৌসুমে সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় দিশেহারা রংপুরের কৃষকরা। বছরের নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন রংপুরের কৃষকরা। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম অঞ্চলে গত বছরের লোকসান সামলাতে আবারো আলু চাষ শুরু করেছিলেন চাষিরা। কিন্তু আলুর অন্যতম ‘টিএসপি’ সারের বস্তা প্রতি ৩০০ টাকা দাম বৃদ্ধি পাওয়ায় চাষিরা হতাশ হয়ে পড়েছে চাষিরা। 

সারের দাম কমিয়ে উৎপাদিত আলুর দাম বাড়ানোর দাবি জানিয়েছে কৃষকরা। কৃষক নেতারা বলছেন, কৃষি উৎপাদনকে অব্যাহত রাখতে সার ও ডিজেলে সরকারের ভর্তুকি দেওয়া প্রয়োজন। আর কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে রংপুরে প্রায় ৪০ শতাংশ জমিতে আলু রোপণ করা হয়েছে।

কাউনিয়ার আলুটারী এলাকার কৃষক জাহাঙ্গীর মিয়া ও আবু জাফর বলেন, ‘আগের অভিজ্ঞতা থেকে এবারো ৯ একর জমিতে আলুর বীজ রোপণ করেছি। গত বছর আলু চাষ করে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এবার আলুর বীজের দাম কম থাকায় ৯ একর জমিতে আলু চাষের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আলু রোপণের শুরুতেই শুনছি টিএসপি সারের সংকট।’

কাউনিয়া উপজেলার খুচরা সার ব্যবসায়ী মো. শহিদার রহমান বলেন, সরকারি সার ডিলাররা টিএসপি সারের সংকটের কথা বলে প্রতি বস্তা সার ২৫০ থেকে ৩০০ টাকা বেশি নিচ্ছে। তাই আমরাও একটু দাম বাড়িয়ে বাজারে বিক্রি করছি।

মোক্তার হোসেন নামে অপর এক আলুচাষি বলেন, আলু চাষের জন্য জমি প্রস্তুত করতে আমাদের ২৪ শতকের এক দোনে খরচ হয় ১ হাজার ৫০০ টাকা। পাশাপাশি এই জমি লিজ নিয়ে আলু চাষ করতে শেষ পর্যন্ত খরচ হয় ২৫-৩০ হাজার টাকা। আলু উৎপাদন করে আলুর দাম যদি কেজিতে ১৫ টাকার ওপরে না থাকে তবে প্রত্যেক আলুচাষি লোকসানের মুখে পড়বেন। এজন্য সরকারিভাবে আলুর দাম নির্ধারণ করা দরকার।

রংপুর জেলা কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট পশাল কান্তি নাগ চলতি মৌসুমে সরকারি উদ্যোগে আলু চাষিদের সুলভ মূল্যে সার, ডিজেল, কীটনাশক সরবরাহ এবং সহজ শর্তে বিনা সুদে কৃষি ঋণ প্রদানে দাবি জানিয়েছেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবাইদুর রহমান মণ্ডল বলেন, রংপুর এবার ৫৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষ হলে ১৩ লাখ ৩৩ হাজার ৩৯৫ মেট্রিক টন আলু উৎপাদন হবে বাকি জমিগুলোতে আগামী সপ্তাহের মধ্যে আলু রোপণ সম্পন্ন হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি