নওগাঁ সদরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪:০৮

নওগাঁ সদরের লস্করপুর গ্রামের একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল।

ওসি জানান, সকালে লস্করগ্রামের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। পরে থানা পুলিশ ঘটনার স্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ওই অজ্ঞাত যুবকের দুই চোখ তুলে ফেলা হয়েছে। এ ছাড়াও তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/ইআ