বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের ধাক্কায় মেছের আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাক্টর পালিয়ে যাওয়ায় সেটি আটক করতে পারেনি থানা পুলিশ। আাদমদীঘি থানার এসআই সোলাইমান আলী বিষয়টি নিশ্চিত করেছন।
নিহত মেছের আলী আদমদীঘির ডহরপুর গ্রামের তনসের মিস্ত্রীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বাড়ী থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন মেছের আলী। তিনি বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল এলাকায় পৌছলে সামনে থেকে সান্তাহার বাবলু ইট ভাটার ট্রাক্টর সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত হন মেছের আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থা অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে স্থানান্তর করেন। পরে নওগাঁ হাসপাতালে নিলে সেখানে অবস্থা অবনতি দেখে স্থানান্তর করলে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে রাস্তার মধ্যে মারা যায়।
এসআই সোলাইমান আলী বলেন, সান্তাহার বাবলু ইটভাটার ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেছের আলী নিহত হয়েছে। পুলিশ খবর পেয়ে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসলেও ঘাতক ট্রাক্টরকে আটক করতে পারেনি। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে ও ট্রাক্টর আটকের তৎপরতা চালানো হচ্ছে।
