শ্রমবাজার খুলতে সমঝোতা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছেন মন্ত্রী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫:২৮

দীর্ঘদিন পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে। এ নিয়ে দেশটির সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে শনিবার রাতেই মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আজ রাতে আমি মালয়েশিয়া যাচ্ছি। আশা করছি, কাল (রোববার) সকালে এমওইউ সই হবে। এটা একটা বিরাট বাজার। এ বাজারটি নিয়ে অনেক গুজব রয়েছে। এসবে কান দেবেন না। সরকার কাজ করছে, আমরা বাজারটি ওপেন করতে চাই। মার্কেট খুলবে।’

তবে এই সমঝোতার মাধ্যমে সিন্ডিকেট ছাড়াই কর্মী পাঠাতে চান বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শ্রমিক নেওয়ার বিষয়ে ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে শ্রমিক নেওয়ার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছে তাদের সরকার। চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সারাভানান।

 

ইত্তেফাক/এমএএম