বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যা

মামলার বাদি ও তার মা রিমান্ডে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:১৯

সাভারের আশুলিয়ার চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়ে জরিনা খাতুনকে (৪৫) হত্যা মামলার বাদি নুর ইসলাম ও তার মায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো জরিনা খাতুনের মেয়ের জামাই নুর ইসলাম ও তার মা মোছা. আমেনা বেগম। এছাড়া স্বপন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পরিদর্শক মো. শাহজাহান এই দুই আসামির সাতদিনের রিমান্ড ও স্বপনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করে আদালতে হাজির করেন। এর আগে গত ১৬ নভেম্বর পিবিআই  তিনজনকে গ্রেফতার করে।

সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাসকাওলী গ্রামের মৃত মহির উদ্দিনের স্ত্রী জরিনা খাতুন তার বাবা আলী মণ্ডলকে সঙ্গে নিয়ে গত ৯ নভেম্বর দুপুরে আশুলিয়া থানার গাজিরচট মুন্সীপাড়া এলাকায় মেয়ের জামাই নুর ইসলামের বাড়িতে বেড়াতে যান। ওই দিন বিকেলে নিজ বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে বের হয়ে টাঙ্গাইলগামী একটি মিনিবাসে ওঠেন। কিছুক্ষণ পর বাসে থাকা হেলপার ও আরও কয়েকজন লোক মারধর করে জরিনার বাবাকে আশুলিয়া মরাগাং এলাকায় নামিয়ে দেয়। জরিনাকে বাসে নিয়ে চলে যায়। জরিনার বাবা বিষয়টি তার আত্মীয় স্বজনকে জানান। খবর পাওয়ার পর জরিনার মেয়ের জামাই নুর ইসলাম জরিনার আত্মীয়-স্বজন এসে আশুলিয়া ব্রিজের উত্তর পাশে মরাগাং এলাকায় জরিনার লাশ উদ্ধার করে। ওই ঘটনায় নুর ইসলাম বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। পরে তদন্তে দেখা যায় নুর ইসলামই এই হত্যার মূল পরিকল্পনাকারী।