কাশ্মিরে হামলা ভয়ঙ্কর : ট্রাম্প

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩

কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলাকে ভয়ংকর পরিস্থিতি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিষয়টি নজরে রাখছেন বলে জানিয়েছেন। আর জাতিসংঘ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সহায়তার প্রস্তাব দিয়েছে। খবর এনডিটিভি’র

প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি। এ নিয়ে অনেক রিপোর্ট পেয়েছিল। রিপোর্ট খতিয়ে দেখে সঠিক সময়েই বিবৃতি দেওয়া হবে। তবে দক্ষিণ এশিয়ার দুই দেশ একসঙ্গে বসে সমস্যার সমাধান করলে সেটাই হবে সবচেয়ে ভাল পথ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স পৃথক পৃথক বিবৃতিতে পাকিস্তানকে জয়শ-ই-মোহাম্মদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন। পাকিস্তানও যাতে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য না হয় সেই বিষয়টিতেও নজর দেওয়ার আহবান জানিয়েছেন তারা।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, পুলওয়ামা হামলার পর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। হুমকি-পাল্টা হুমকিতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুয়ারিচ বলেন, ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহবান জানিয়েছেন মহাসচিব। যদি এ বিষয়ে তারা কোনো সহযোগিতা চায় তাহলে তাও দিতে প্রস্তুত জাতিসংঘ।