রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। সেখানে কিছু দূরপাল্লার বোমারু বিমান পাঠিয়েছে মস্কো। বিমানগুলো টিইউ-২২এম৩ মডেলের। জানা গেছে, টহলের জন্য এগুলো পাঠানো হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বেলারুশের পশ্চিম সীমান্তে টহল দেবে রাশিয়ার বোমারু বিমান। এগুলোর সঙ্গে রুশ-বেলারুশের সুখোই-৩০এসএম ফাইটার জেটও থাকবে। বেলারুশের মিলিটারি এসব জানিয়েছে।
বেলারুশের পশ্চিম এবং উত্তর-পশ্চিম সীমান্তের রয়েছে পোল্যান্ড এবং লিথুনিয়া। এই দুই দেশই ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এখন পশ্চিম সীমান্তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেলারুশের সম্পর্ক অভিবাসী সংকটের কারণে উত্তেজনাপূর্ণ।
