‘প্রকৃতি সংরক্ষণ পদক’ পেলেন জাবি অধ্যাপক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২০:২৫

বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২০’ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের চেতনা চত্বরে মহান বিজয় দিবসের পঞ্চাশ বছর আর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন অধ্যাপক মো. মনোয়ার হোসেনের হাতে পদক তুলে দেন।

জানা যায়, প্রজাপতি, মৌমাছি ও ফড়িংসহ বিভিন্ন কীটপতঙ্গ সংরক্ষক ও গবেষণার স্বীকৃতি হিসেবে অধ্যাপক মো. মনোয়ার হোসেনকে এ পদকে ভূষিত করা হয়। এক যুগের বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

এ বিষয়ে অধ্যাপক মো. মনোয়ার হোসেন ইত্তেফাককে বলেন, প্রজাপতি, মৌমাছি ও ফড়িংসহ বিভিন্ন কীটপতঙ্গ সংরক্ষক ও গবেষণা এবং সচেতনতার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার আয়োজন করায় আমাকে এ পদক প্রদান করা হয়েছে। এ পদক পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করতে আমাকে আরও অনুপ্রাণিত করবে। এছাড়া অন্যদেরকেও আগ্রহী করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম