বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার দাবি যুক্তিসংগত। শুধু জামায়াত স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, এজন্য তাদের দুঃখ, লজ্জা ও ক্ষমা প্রার্থনা করা উচিত- এটা যেমন যুক্তিসঙ্গত দাবি। তেমনি আরও যুক্তিসঙ্গত দাবি আছে। কিন্তু স্বাধীনতার বিরোধিতা যারা করছে, আমরা অবশ্যই তাদের শাস্তি ও বিচার চাই। তবে যারা গণতন্ত্র হত্যা করেছে তারাও তো আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই! সুতরাং আমরা মনে করি, যারা অপরাধ করেছে, তাদের সবারই ক্ষমা প্রার্থনা করা উচিত। আর আমরা যদি কোনো দোষ করি তাহলে আমাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা।
গতকাল বুধবার রাজধানীর জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন। তাঁতি দলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতা-কর্মীরা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান।
জামায়াত বিলুপ্ত করে আলাদা দল গঠন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। জামায়াত ২০-দলীয় জোটে আছে না নেই?- এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, ২০-দলীয় জোটে কোনো পরিবর্তন ঘটেনি। জামায়াতের পক্ষ থেকে তাঁদের কখনো বলা হয়নি যে, তারা সিদ্ধান্ত নিয়েছে, জোটের সঙ্গে থাকবে না।
এ সময় তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
