মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় এম.টি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার মূল চ্যানেলের বাইরে ডুবন্ত রেক (জাহাজ) ওসান ওয়েবের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান মুন্সী জানান, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ডুবন্ত ঐ রেকে ধাক্কা লাগলে ট্যাংকারটির পানির ট্যাংক ছিদ্র হয়ে যায়। তবে ট্যাংকারটির তেলের ট্যাংকগুলো সুরক্ষিত রয়েছে বলে ট্যাংকারের মালিক পক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
দুর্ঘটনার বিষয়টি বন্দরের হিরণপয়েন্ট পাইলট স্টেশন খবর পাওয়ার পর কোস্ট গার্ডের দুবলা স্টেশন ও কোস্ট গার্ডের জাহাজ মুনসুর আলীকে জানানো হয়েছে। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের জাহাজ/বোট দুর্ঘটনাস্থলে অবস্থান করছে।
দুর্ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার ট্যাংকারটি থেকে তেল নিঃসারণ হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। ঐ তেলের ট্যাংকারের মজুতকৃত তেল অন্য তেলের ট্যাংকারে স্হানান্তরের পর দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি উদ্ধার করা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।
ট্যাংকারটির মালিক চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লাইয়ার লিমিটেড-এর আবুল কালাম। ট্যাংকারটি চট্টগ্রাম থেকে তেল নিয়ে খুলনায় যাওয়ার পথে মোংলা বন্দরের পুরাতন চ্যানেল এলাকায় দুর্ঘটনার শিকার হয়।
