পদ্মা সেতুতে যুক্ত হলো অষ্টম স্প্যান। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর খুঁটির ওপর ধূসর রঙের স্প্যানটি বসিয়ে দেয়া হয়। এর মাধ্যমে জাজিরা প্রান্তে টানা সাতটি স্প্যান বসানো হলো। এছাড়া মাওয়া প্রান্তে আগেই বসানো হয়েছে একটি স্প্যান। প্রতিটি স্প্যান দেড়শ’ মিটারের। সব মিলিয়ে পদ্মা সেতুর এখন ১২০০ মিটার দৃশ্যমান হলো। প্রকৌশলীরা ইতিপূর্বে ৭টি স্প্যান বসানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকাল থেকে স্প্যান বসানোর কাজ শুরু করেন। দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় কোন জটিলতা ছাড়াই সফলভাবে বসানো হয় ‘৬ই’ নম্বর স্প্যানটি। এছাড়া আগামী ১০ মার্চের মধ্যে জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর খুঁটির ওপর ৬-ডি নামের আরেকটি স্প্যান বসানোর কথা রয়েছে। এদিকে পদ্মায় এখন নেই তীব্র স্রোত, কেটে গেছে নকশা জটিলতা। সময়টা অনুকূলে, আর সেটাকে কাজে লাগিয়ে নদীজুড়ে এখন চলছে কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মা সেতুর এক দায়িত্বশীল প্রকৌশলী জানান, সেতুর সব খুঁটির নকশা সম্পন্ন হওয়ায় এখন সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হয়েছে। তারাও দ্রুত কাজ করছে।
