জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে। এ উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পড়ে শোনানো হয়।
অনুষ্ঠানে জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুজিববর্ষের উদ্দেশ্য এবং নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার অক্ষুণ্ন রাখা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাসী দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা; অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী হয়েছে।
তিনি বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে রূপ নিয়েছে এবং বিশ্বের ১৭৩টি দেশে ১ কোটির বেশি বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে। রাষ্ট্রদূত অর্থনীতির চালিকাশক্তি রেমিট্যান্সযোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জাপান প্রবাসী বাংলাদেশিসহ সকল অভিবাসীকে দেশের উন্নয়নে ও সুনাম বৃদ্ধিতে আরও বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
দিবসটির তাৎপর্য ও গুরত্ব তুলে ধরে এবং জাপানে জনশক্তি নিয়োগের সুযোগ নিয়ে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সেলর শেখ ফরিদ। পরবর্তী অংশে, উপস্থিত অতিথি ও দুই দেশের কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচকরা জাপানে কর্মী নিয়োগে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
